জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, উপমহাদেশের কন্ডিশনে খেলার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ওয়ালশ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে নিবিড়ভাবে কাজ শুরু করে দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের জমজমাট আসর।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ওয়ালশের ক্রিকেটীয় প্রজ্ঞা প্রশ্নাতীত। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোরে মাকোনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে কোর্টনি ওয়ালশের অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি অতুলনীয়। বিশ্বমঞ্চে সফল হওয়ার মন্ত্র তিনি জানেন। আমাদের তরুণ বোলিং ইউনিটের জন্য তার জ্ঞান এবং পেশাদারিত্ব বড় সম্পদ হয়ে উঠবে।
পেশাদার ক্রিকেট ছাড়লেও কোচিং ও ক্রিকেট প্রশাসনে ওয়ালশ অত্যন্ত পরিচিত মুখ। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি দীর্ঘ সময় বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদদের তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হাতেকলমে দীক্ষা দিয়েছেন। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের নারী দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই কিংবদন্তির।
নিউজ ডেস্ক 























